নতুন নিয়ম | পেমেন্ট এর ক্ষেত্রে পরিবর্তন||
- আপডেট সময় ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
প্রতিনিধি: হাসিব
১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা হবে
বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করার পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হতে আর অপেক্ষা করতে হবে না। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর ব্যবহার করে কোনো লেনদেন সম্পন্ন হলে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে সঙ্গে সঙ্গে অর্থ জমা দিতে হবে। একই সঙ্গে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন সহজে দেখা যায় এমন স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লোগো অনুযায়ী ওই আইকন প্রদর্শন করতে হবে।এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যান করার পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে বলা হয়েছে।একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকদের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা নিশ্চিত করতে হবে।
নতুন নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাংলা কিউআর সংক্রান্ত ২৪ নভেম্বর ২০২৫ সালের আগের নির্দেশনাটি বাতিল বলে গণ্য হবে।
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।





























