ঝিনাইদহের হরিণাকুণ্ডে বাবার ইজিবাইকের চাপায় দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু||
- আপডেট সময় ০৯:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: হাসিব
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বাবার ইজিবাইকের চাপায় তানহা (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত তানহা নিত্যানন্দপুর গ্রামের মিরাজ হোসেনের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে রাখা একটি ইজিবাইকে তানহাসহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত ইজিবাইকের চাবি ঘুরে গেলে গাড়িটি স্টার্ট হয়ে পিছনের দিকে চলতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে অন্য শিশুরা দ্রুত নেমে গেলেও তানহা গাড়ির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
তানহার চাচা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত তানহাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
হরিণাকুণ্ড থানার পোড়াহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলতাফ হোসেন জানান, ইজিবাইকের চাপায় শিশুটির মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





















