গোপালগঞ্জে পরীক্ষা নিয়ে শঙ্কা, শিক্ষাব্যবস্থায় সংস্কারের আভাস- শিক্ষামন্ত্রী
- আপডেট সময় ০৩:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
শিক্ষা বিট,ঢাকা জার্নাল:
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন’-এ বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, সামান্য এক-দুটি বিষয় পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে থেকে মাদক বা মোবাইলে আসক্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে। বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সমন্বয়হীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোথাও অযাচিতভাবে প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও হয়নি।
অতীতের শিক্ষাব্যবস্থা ও কারিকুলামের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা পিছিয়ে দেওয়া হয়েছে এবং গোপনে কারিকুলাম তৈরি করে জনগোষ্ঠীকে বঞ্চিত করা হয়েছে। এ সময় তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়কার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট ও ১৯৯২ সালের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের প্রসঙ্গ তুলে ধরেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, চতুর্থ শ্রেণির জন্য নতুন বই এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার নতুন বই দেওয়া হয়েছে। পাশাপাশি যুব-ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।























