রোমাঞ্চকর মিনিবার ফুটবল ফাইনালে ট্রাইব্রেকারে যোগীরকোফা কিংস চ্যাম্পিয়ন
- আপডেট সময় ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,ঢাকা জার্নাল:
২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যোগীরকোফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘যোগীরকোফা মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। টানটান উত্তেজনার এই ফাইনালে যোগীরকোফা টাইগার্সকে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যোগীরকোফা কিংস।
নির্ধারিত ৬০ মিনিটের (৩০+৩০ মিনিট) মূল খেলায় দুই দলই আক্রমণ ও প্রতিআক্রমণে সমান তালে লড়াই করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে ট্রাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাইব্রেকারের শুরুতেও ছিল তীব্র উত্তেজনা। প্রথম দফায় উভয় দল ৩টি করে শর্ট নিলে খেলা ৩-৩ সমতায় থাকে। পরবর্তীতে আরও ৩টি করে সাডেন ডেথ শর্ট নেওয়া হলে, শেষ শর্টে যোগীরকোফা টাইগার্স শর্ট মিস করে। ফলে ৬-৫ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে যোগীরকোফা কিংস। ফাইনালে জয়ী চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা এবং রানারআপ যোগীরকোফা টাইগার্সকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
‘যোগীরকোফা যুব সংঘ’-এর আয়োজনে এবং ‘আল-হাদী স্পোর্টস’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত খেলা শেষে মাঠে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের (পরিকল্পনা) যুগ্ম সচিব সুলতান আলম। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাবুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসন (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)-এর মেম্বার লুৎফা বেগম, সাবেক মেম্বার মোঃ আবুল কাশেম, আনোয়ার গ্রুপের ব্যবস্থাপক মোঃ ইদ্রিস আহমেদ, আল হাদী ব্রিকস ফিল্ডের মালিক মোঃ রিয়াজুর রহমান, এবং আজগানা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সাবলীল ও আকর্ষণীয়ভাবে সঞ্চালনা করেন শিক্ষক ও গণমাধ্যমকর্মী ডি. এম. সুমন। বিকেল থেকে শুরু হওয়া এই ফাইনাল খেলা উপভোগ করতে বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী কয়েক হাজার দর্শকের উপস্থিতি দেখা যায়।























