- আপডেট সময় ১২:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: হাসিব
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে পূর্ববিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে আবু সুমা (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে গোয়ালপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত আবু সুমা ওই গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু সুমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আবু সুমার বাবা আবুল কাশেম মোল্লা বলেন, তার নাতিকে খেলার মাঠ থেকে বাড়িতে ডাকতে যাওয়ার সময় আবু সুমাকে একা পেয়ে তার চাচাতো ভাই মামুন (২৬) ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে উপর্যুপরি কোপ দেন। এতে তার পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।তিনি আরও অভিযোগ করেন, মামুন বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করতেন। বিষয়টি নিয়ে আবু সুমা তাকে পারিবারিকভাবে কয়েকবার নিষেধ করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এদিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।













