মার্কিন বিমানঘাঁটিতে হামলার আশঙ্কা, গ্রেফতার পাঁচজনই ব্রিটিশ
- আপডেট সময় ০৯:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৭ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্দেহভাজন ‘সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের’ ঘটনায় গ্রেফতার পাঁচজনই ব্রিটিশ নাগরিক। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে এবং সবাই লন্ডনের বাসিন্দা বলে জানিয়েছে ব্রিটিশ কাউন্টার-টেররিজম পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে ইরানের কোনও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা রিপোর্ট লেখা পর্যন্ত তদন্তাধীন ছিল।
এদিকে, ঘটনাটির সঙ্গে ইরানের সম্পৃক্ততার যেকোনও ইঙ্গিত ‘সরাসরি ও সম্পূর্ণভাবে’ প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাজ্যে ইরানি দূতাবাস এক বিবৃতিতে ব্রিটিশ কিছু ব্যক্তি ও সংবাদমাধ্যমের এমন প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ জল্পনা’ বলে অভিহিত করেছে।
ব্রিটিশ পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন পাঁচজনকে স্থানীয় সময় রবিবার ভোরে ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রথমে বিস্ফোরক আইনে এবং পরে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’র অভিযোগ আনা হয়েছে। তারা রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের হেফাজতেই ছিলেন এবং ব্রিটিশ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের ১৪ দিন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
তিনটি সাদা ভ্যান ঘিরে রহস্য
ঘটনার সূত্রপাত স্থানীয় সময় রবিবার রাতের শেষভাগে। পুলিশ জানায়, রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে বিমানঘাঁটির দিকে এগিয়ে যাওয়া তিনটি সন্দেহজনক সাদা ভ্যানের বিষয়ে খবর পাওয়া যায়। পরে স্থানীয় এক নারী কৃষকও বিমানঘাঁটির কাছের একটি সড়কে তিনটি সাদা ভ্যান দেখতে পান।
ওই নারী জানান, তিনি একটি পার্টি থেকে বাড়ি ফেরার সময় ভ্যানগুলো দেখতে পান। গাড়িগুলো রাস্তা ও একটি খামারের প্রবেশপথ আটকে রেখেছিল। এরপর তিনি হুড ও মুখোশ পরা একদল লোককে দেখতে পান। তাকে দেখে কয়েকজন মাঠের দিকে এবং কয়েকজন পাশের কেম্পসফোর্ড গ্রামের দিকে দৌড়ে পালায়।
তিনি প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশের নম্বরে ফোন করার চেষ্টা করলেও সাড়া পাননি বলে দাবি করেন। পরে রাত ১টা ৩৬ মিনিটে জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তার ফোনের কয়েক মিনিটের মধ্যেই সশস্ত্র পুলিশ এলাকায় পৌঁছায়।
পুলিশের অভিযানের পর স্থানীয় প্রায় ৮৫টি পরিবারকে সাময়িকভাবে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা তিনটি যানবাহন পরীক্ষা করেন এবং এলাকাটি ঘিরে রাখা হয়।
‘সুইসাইড ভেস্ট’ নিয়ে আশঙ্কা
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনদের আটক করার সময় তারা আত্মঘাতী বিস্ফোরক বেল্ট পরে থাকতে পারেন-এমন আশঙ্কা ছিল। এ কারণে ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তবে পুলিশ রিপোর্ট লেখা পর্যন্ত এমন কোনও বিস্ফোরক বা আত্মঘাতী বেল্টের বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানায়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ঘটনাস্থলে বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রকাশ্যে রিপোর্ট লেখা পর্যন্ত বলেনি যে, সন্দেহভাজনরা ঠিক কী ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
কাউন্টার-টেররিজম পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়কারী ভিকি ইভান্স জানিয়েছেন, এটি একটি ‘অত্যন্ত জটিল ও বড় পরিসরের অভিযান’। স্থানীয় ও জাতীয় পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থা একসঙ্গে তদন্ত চালাচ্ছে।
তিনি বলেন, ঘটনাটিকে ঘিরে নানা ধরনের জল্পনা চলছে, বিশেষ করে হামলার উদ্দেশ্য ও এর সম্ভাব্য ভূরাজনৈতিক যোগসূত্র নিয়ে। তবে তদন্তকারীদের কাজ করার জন্য সময় ও সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
কৃষকের দাবি, তার ফোনেই হয়তো হামলা ঠেকানো গেছে
ঘটনার পর ওই স্থানীয় কৃষক নিজেকে হামলার সম্ভাব্য পরিকল্পনা ভেস্তে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি হিসেবে মনে করছেন। তিনি বলেন, রাতের অন্ধকারে বিমানঘাঁটির কাছাকাছি অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পেয়ে তিনি দ্রুত পুলিশকে খবর দেন।
তার দাবি, বিমানঘাঁটির চারপাশে উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও তিনটি বড় ভ্যান এবং মুখোশধারী লোকজন গ্রামের রাস্তায় অবস্থান করছিলেন। অথচ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি বলেন, বিমানঘাঁটির মূল প্রবেশপথে নিরাপত্তাব্যবস্থা থাকলেও আশপাশের রাস্তাগুলোতে পর্যাপ্ত নজরদারি ছিল না। তার ৯৯৯-এ করা ফোনের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলে তার ধারণা।
তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং ওই নারীর দ্রুত সিদ্ধান্তের প্রশংসা করলেও বলেন, ঘটনাটির সম্পূর্ণ চিত্র তার জানা নেই। ফলে তার পর্যবেক্ষণ থেকে হামলার উদ্দেশ্য বা নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
স্ট্রিটিং বলেন, ওই নারী এমন পরিস্থিতিতে যে কাজটি করা উচিত ছিল, সেটিই করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, তার কাছে ঘটনার ‘আংশিক চিত্র’ রয়েছে।
‘আগাম গোয়েন্দা তথ্য ছিল’-এমন ইঙ্গিত নিয়ে প্রশ্ন
ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যকে ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। ট্রাম্প বলেছেন, সন্দেহভাজনরা পুলিশের নজরদারিতে ছিল এবং তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘বড় ধরনের ক্ষতি’ করার চেষ্টা করছিল।
যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা তাদের সম্পর্কে সবই জানি এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ পাবে।”
এর আগে তিনি ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রশংসা করে বলেন, সন্দেহভাজনদের দীর্ঘ সময় ধরে নজরদারিতে রাখা হয়েছিল।
তবে ব্রিটিশ সরকারি সূত্রগুলো জানিয়েছে, গ্রেফতার অভিযানটি আগে থেকে পরিকল্পিত ছিল- এমন কোনও তথ্য রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষও হামলার পেছনে কারা ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
ইরানের সম্পৃক্ততা ‘কোনওভাবেই প্রমাণিত নয়’
ঘটনাটি এমন একটি বিমানঘাঁটির কাছে ঘটেছে, যেটি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। এ কারণেই তদন্তে সম্ভাব্য ইরানি যোগসূত্রের বিষয়টি আলোচনায় এসেছে। তবে ব্রিটিশ পুলিশ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ্যে ইরানের সম্পৃক্ততার কোনও প্রমাণ দেয়নি।
ইরানের লন্ডন দূতাবাস অবশ্য এমন জল্পনা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, যুক্তরাজ্যের কিছু ব্যক্তি ও সংবাদমাধ্যম কোনও প্রমাণ ছাড়াই ঘটনাটিকে ইরানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।
দূতাবাস বলেছে, এ ধরনের ‘মনগড়া জল্পনা’ ব্রিটেনে ইরানবিরোধী প্রচারণাকে উসকে দেওয়া ছাড়া কোনও উদ্দেশ্য পূরণ করবে না। একই সঙ্গে বিভ্রান্তিকর ও ক্ষতিকর গণমাধ্যমের বয়ানের বিরুদ্ধে দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে























