নাটোরকে দেশের অন্যতম ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী
- আপডেট সময় ১০:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কবি জীবনানন্দ দাশের বনলতা সেন, রানী ভবানী, উত্তরা গণভবন, চলনবিল, হালতি বিল ও ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার জেলা নাটোরকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র (ট্যুরিস্ট হাব) হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নাটোরে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত আবাসন, আধুনিক পর্যটন সুবিধা ও যোগাযোগ অবকাঠামোর অভাব রয়েছে। এসব ঘাটতি দূর করে পর্যটকদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একই সঙ্গে আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এসময় নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে হালতি বিল পরিদর্শন শেষে স্থানীয় বাজারে পাটুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পর্যটনমন্ত্রী। সেখানে প্রধান বক্তা ছিলেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুলু বলেন, প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক নাটোরে এলেও পর্যাপ্ত আবাসন ও প্রয়োজনীয় সুবিধার অভাবে অনেকেই নিরুৎসাহিত হন। পর্যটকদের জন্য আধুনিক অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
খেলনা পিস্তলসহ যুবক আটক
এদিকে, একই দিন বিকেলে নাটোরের উত্তরা গণভবনের সামনে মন্ত্রীর সফর শেষে বিদায়ের সময় পিস্তলসদৃশ একটি বস্তুসহ শামস আল আমিন তামিম (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশ। আটক তামিম নাটোরের প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের ছেলে এবং বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রাথমিকভাবে তামিম দাবি করেন, এটি তার বাবার লাইসেন্সধারী পিস্তল। তবে পরে পুলিশ নিশ্চিত করে, সেটি আসল অস্ত্র নয়; অনলাইনে কেনা একটি খেলনা পিস্তল, যা দেখতে ও ওজনে আসল পিস্তলের মতো।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম জানান, খেলনা পিস্তল হলেও কী উদ্দেশ্যে তিনি সমাবেশস্থলে এটি নিয়ে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
























