দায়িত্ববোধের বিকাশে অন্তরায় আত্মকেন্দ্রিকতা
- আপডেট সময় ০১:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৯ বার পড়া হয়েছে
আনিসুর রহমান এরশাদ
আত্মকেন্দ্রিক ব্যক্তি নিজের স্বার্থ, চাহিদা ও আকাঙ্ক্ষাকে অতিরিক্ত গুরুত্ব দেয় এবং অন্যের কল্যাণ, অনুভূতি ও অধিকারের প্রতি গুরুত্ব দিতে ব্যর্থ হয়। নিজের দৃষ্টিভঙ্গিকেই বাস্তবতার প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করায় অন্যের মতামত বা অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে পারে না। নিজের চিন্তা ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে জীবন ও জগতকে ব্যাখ্যা করে। প্রত্যাশা করে যে অন্যরাও তার মতো ভাববে, তার অগ্রাধিকারকে গুরুত্ব দেবে এবং তার অবস্থানকে সমর্থন করবে। এর ফলে সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ে।
আত্মকেন্দ্রিক ব্যক্তি নিজেকে সামাজিক ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে কল্পনা করে। সে মনে করে অন্যরা তার কর্মকাণ্ড, সাফল্য বা ব্যর্থতার প্রতি বাস্তবতার তুলনায় বেশি মনোযোগী। এই প্রবণতা বাস্তব পরিস্থিতি উপলব্ধিতে বিঘ্নতা সৃষ্টি করে এবং আত্মসমালোচনার পরিবর্তে আত্মপ্রীতিকে উৎসাহিত করে। আত্মকেন্দ্রিকতা আত্মবিশ্বাসের পরিচয় নয়; বরং নিজের গুরুত্ব প্রতিষ্ঠার একটি অবচেতন প্রচেষ্টা।
ভোগবাদী সংস্কৃতি, চরম ব্যক্তিকেন্দ্রিক জীবনধারা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রদর্শনের প্রতিযোগিতা ব্যক্তিকে ক্রমাগত নিজের পরিচিতি, জনপ্রিয়তা ও স্বীকৃতির দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে। নিজের ছবি, মতামত ও অর্জন প্রদর্শনের সহজ সুযোগ আত্মমুগ্ধতা ও অতিরিক্ত আত্মমনোযোগের জন্ম দেয়। প্রযুক্তির অপব্যবহার মানুষের মানসিক ভারসাম্য ও সামাজিক সংবেদনশীলতাকে প্রভাবিত করে।
আত্মকেন্দ্রিকতার পেছনে বিভিন্ন মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ কাজ করে। শৈশবে অতিরিক্ত প্রশ্রয়, অন্যের অনুভূতি ও প্রয়োজন বোঝার শিক্ষা না পাওয়া, প্রতিযোগিতামূলক সামাজিক পরিবেশ, স্বীকৃতির তীব্র আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এ প্রবণতার বিকাশে ভূমিকা রাখতে পারে।
আত্মকেন্দ্রিকতা ব্যক্তিকে ধীরে ধীরে আত্ম-উন্নয়ন থেকে আত্ম-প্রদর্শনের দিকে সরিয়ে দেয়। আত্ম-প্রদর্শনের লক্ষ্য থাকে অন্যের স্বীকৃতি অর্জন করা, নিজের সীমাবদ্ধতা অতিক্রম করা নয়। আত্মকেন্দ্রিক ব্যক্তি নিজের প্রকৃত বিকাশের চেয়ে নিজের গুরুত্ব প্রমাণে বেশি মনোযোগী। বাহ্যিকভাবে আত্মবিশ্বাসী মনে হলেও অনেক ক্ষেত্রে তার আত্মমূল্যায়ন অন্যের প্রশংসা, স্বীকৃতি ও মনোযোগের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এ কারণে সামান্য সমালোচনাও তার কাছে ব্যক্তিগত আক্রমণ বলে প্রতীয়মান হয়।
আত্মকেন্দ্রিকতা মানুষের শেখার ক্ষমতাকেও সীমিত করে। নতুন কিছু শেখার জন্য নিজের সীমাবদ্ধতা স্বীকার করা প্রয়োজন। কিন্তু যে ব্যক্তি সব সময় নিজেকে সঠিক মনে করে, সে ভিন্নমত, সমালোচনা বা বিকল্প দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা গ্রহণের সুযোগ হারায়। ফলে তার জ্ঞান, প্রজ্ঞা ও মানসিক পরিপক্বতার বিকাশ বাধাগ্রস্ত হয়। আত্মকেন্দ্রিক ব্যক্তি সুস্থ ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে অসুবিধার সম্মুখীন হয়। পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব বৃদ্ধি পায়, কর্মক্ষেত্রে দলগত কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং সামাজিক আস্থা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘমেয়াদে ব্যক্তি একাকীত্ব, সম্পর্কগত জটিলতা এবং মানসিক অস্থিরতার শিকার হয়।
আত্মকেন্দ্রিকতা সামাজিক পুঁজি- এর জন্যও হুমকিস্বরূপ। মানবসভ্যতার অগ্রযাত্রা এবং একটি সুস্থ সমাজ পারস্পরিক আস্থা, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক নির্ভরশীলতা ও দায়িত্ববোধের ভিত্তির ওপর নির্মিত। ব্যক্তি কেবল নিজের লাভ-ক্ষতির হিসাবেই সীমাবদ্ধ থাকলে সামাজিক সংহতি দুর্বল হয়ে পড়ে এবং সম্মিলিত কল্যাণের চেতনা ক্ষতিগ্রস্ত হয়। আত্মকেন্দ্রিকতা ব্যক্তি ও সমাজের মধ্যে এক ধরনের অদৃশ্য দূরত্ব সৃষ্টি করে, যা সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক বিচ্ছিন্নতা ও পারস্পরিক অবিশ্বাসকে বাড়িয়ে তোলে।
নিজের অধিকার, মর্যাদা ও উন্নয়ন সম্পর্কে সচেতন হওয়া আত্মমর্যাদাবোধ। কিন্তু নিজের স্বার্থকে একমাত্র গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা এবং অন্যের অধিকারকে গৌণ মনে করা আত্মকেন্দ্রিকতা। একটি পরিণত ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব নিজের প্রয়োজন এবং অন্যের অধিকারের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে সক্ষম হয়।
আত্মকেন্দ্রিকতা থেকে উত্তরণের জন্য সহানুভূতি, আত্মসমালোচনা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা অপরিহার্য। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ব্যক্তি-মানুষকে অধিক মানবিক করে তোলে। শিক্ষা, পরিবার এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রকৃত অর্থে মানুষ বড় হয় তখনই, যখন সে নিজেকে কেন্দ্রবিন্দু হিসেবে নয়, বৃহত্তর মানবসমাজের একটি দায়িত্বশীল অংশ হিসেবে দেখতে শেখে। অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা মানবিক সম্পর্ক, সামাজিক সম্প্রীতি এবং নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটিয়ে ‘আমি’ থেকে ‘আমরা’-এর দিকে অগ্রসর হওয়াই একটি ভারসাম্যপূর্ণ, মানবিক ও টেকসই সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত।
লেখক: গবেষক ও সাংবাদিক























