টাঙ্গাইলের মির্জাপুরে কিশোরীর শারীরিক পরিবর্তন মেয়ে থেকে ছেলেতে রূপান্তর
- আপডেট সময় ০১:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,ঢাকা জার্নাল:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নে এক কিশোরীর শারীরিক পরিবর্তনের মাধ্যমে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্লা দক্ষিণ পাড়া চরপাড়া গ্রামের বাদশা খলিফার মেয়ে মুন্নী (পূর্ব নাম) এখন ছেলেতে রূপান্তরিত হয়ে নাম ধারণ করেছেন নূরনবী।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, আগধল্লা গ্রামের ওই কিশোরী জন্মগতভাবে মেয়ে হিসেবেই বেড়ে ওঠে। সম্প্রতি বয়ঃসন্ধিকালে তার শরীরে ছেলেদের শারীরিক বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করে। বিষয়টি প্রথমে পরিবারের নজরে এলে এলাকায় জানাজানি হয় এবং ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে। পরবর্তীতে উন্নত পরামর্শের জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং একটি বিরল জেনেটিক বা হরমোনজনিত সমস্যা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম’ বা ‘কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া’-র মতো জন্মগত ত্রুটি হিসেবে অভিহিত করা হয়। সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই এই পরিবর্তনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব।
বর্তমানে ওই কিশোর (নূরনবী) সুস্থ আছেন বলে জানা গেছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও চিকিৎসকরা একে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বলে আশ্বস্ত করেছেন।





















