ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু ঝিনাইদহ ||
- আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: হাসিব
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে সকাল ৮টার দিকে রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয় বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে যাত্রী ও পরিবহন ব্যবস্থায় ভোগান্তি সৃষ্টি হয়।





















