সংসদীয় দলের সর্বসম্মত সিদ্ধান্তে তারেক রহমান প্রধানমন্ত্রী
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত | বিএনপির নিরঙ্কুশ জয়
- আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
ঢাকা জার্নাল ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানকে দলের সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংসদীয় দলের সদস্যরা সর্বসম্মতভাবে তাকে সরকারপ্রধান হিসেবে মনোনীত করেন।
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বিজয়ী বিএনপি সংসদ সদস্যরা শপথ নেন। শপথ শেষে তারা সংসদীয় দলের বৈঠকে মিলিত হন।
নতুন সরকার গঠনের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে যাচ্ছে বিএনপি।
অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।






















