রাজধানীর মোহাম্মদপুরে সেনা অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৬
- আপডেট সময় ০১:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকসহ ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার দিবাগত মধ্যরাতে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে সুনিবিড় হাউজিং ও জেনেভা ক্যাম্প এলাকা থেকে এসব আসামি ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও বছিলা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে প্রথমে সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাহবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫) নামের ছয়জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ৩০টি ইয়াবা, ৩৯টি সিম কার্ড এবং দুটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জেনেভা ক্যাম্পে দ্বিতীয় দফায় অভিযান চালায় সেনাবাহিনী। তবে সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, এক বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক মাপার যন্ত্র ও পাঁচটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।






















