ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে
- আপডেট সময় ০৯:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে বলে জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের এই যাত্রা ঘিরে এমন তথ্য দিয়েছে সংসদ সচিবালয় সূত্র।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই তিনি অধিবেশন ডাকেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যে অধিবেশন বসা সাংবিধানিক বাধ্যবাধকতা। ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।
সাধারণত পুরোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন সংসদের অধিবেশন বসে থাকে—বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রেও একই ধারা দেখা গেছে। উদাহরণ হিসেবে, দ্বাদশ সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি। তবে এবার আগের সংসদ ভেঙে যাওয়ায় নতুন অধিবেশন শুরু করতে অপেক্ষার সময় তুলনামূলক কম লাগছে।
সংসদ সচিবালয় সূত্র আরও জানায়, প্রথম অধিবেশন আয়োজনের বিষয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানান, অধিবেশন আহ্বান সংক্রান্ত এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।






















