ঝিনাইদহে নিরব হত্যা মামলার আসামিরা ৩ দিনের রিমান্ডে||
- আপডেট সময় ০৪:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি : হাসিব
ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে তেল আনতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব হোসেন (২২বছর) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর আমলি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, গত মঙ্গলবার বিজ্ঞ আমলি আদালত ঝিনাইদহ সদরে নিরব হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ১১মার্চ বুধবার কারাগার থেকে গ্রেপ্তার আসামি নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। মামলার অপর আসামি পলাতক রয়েছেন। ওসি আরও বলেন, তাঁকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।৭ মার্চ শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যান নিরব হোসেন ও তাঁর এক বন্ধু। তখন পাম্পের শ্রমিকেরা বলেন তেল নেই পাম্প বন্ধ আছে। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তাঁরা ফেরার সময় দেখেন ওই পাম্পে বোতলে তেল দেওয়া হচ্ছে। তখন তাঁরা শ্রমিকদের বলেন আপনারা আমাদের তেল দিলেন না। এখন আবার বোতলে বিক্রি করছেন।এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পাম্পশ্রমিকেরা নিরব হোসেনকে মারপিট করে। তখন সে বাসায় ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এদিন রাতেই নিহত নিরবের খালু আবুল কাশেম বাদী হয়ে চারজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছে।






















